মক্কা ডিফেন্স প্যাক্টে যুক্ত হতে বাংলাদেশের আগ্রহ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে প্রস্তাবিত ‘মক্কা ডিফেন্স প্যাক্ট’ বা নিরাপত্তা সহযোগিতা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বহুমাত্রিক করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যেই প্রস্তাবিত নিরাপত্তা সহযোগিতা চুক্তিটিকে ঢাকা ইতিবাচকভাবে দেখছে।
হুমায়ুন কবির বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে গঠিত এই ডিফেন্স প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ রয়েছে। পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক জোরদারের ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে বলেও জানান তিনি।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, সফর নিয়ে বাংলাদেশ ও ভারত দুই দেশই কাজ করছে। উভয় দেশের সুবিধাজনক সময়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারসাম্য বজায় রাখাই সরকারের অন্যতম দায়িত্ব।
প্রতিমন্ত্রীর ভাষ্য, বাংলাদেশ-ভারতসহ সব দ্বিপক্ষীয় সম্পর্ক সমতা, পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।
এ সময় যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে প্রকাশিত সংবাদ ও এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা নিয়েও প্রতিক্রিয়া জানান তিনি। নিজের বাংলাদেশি পরিচয় তুলে ধরে হুমায়ুন কবির বলেন, দেশের স্বার্থে কাজ করাই তার মূল অঙ্গীকার। দেশের পক্ষে অবস্থান নিয়ে দেশকে এগিয়ে নিতে সরকার, গণমাধ্যম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ফিনান্সিয়াল বার্তা/এইচ


