মারা গেলেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন।
অভিনেতার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
পরিবার সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
জানা গেছে, ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা। আগামীকাল বুধবার তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।
শুটিং ইউনিটের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতি হিসেবে মেকআপ নিয়েছিলেন সোহেল খান। পরে ইউনিটের এক সদস্য তাকে ডাকতে হোটেলের কক্ষে গিয়ে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে ছুটে আসেন ইউনিটের অন্য সদস্যরা।
পরে দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



