প্রবাস

যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ পেরোলেই বিপদ, সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

ছবি: সংগৃহীত

পারমিট বা অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভিসা সংক্রান্ত এক ফেসবুক পোস্টে এ সতর্কবার্তা দেয় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

দূতাবাসের পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা দেশটিতে প্রবেশের নিশ্চয়তা দেয় না। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর কতদিন অবস্থান করা যাবে এবং কী কী শর্ত মেনে চলতে হবে, তা প্রবেশের সময় দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসায় লেখা মেয়াদ এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময় এক বিষয় নয়। প্রবেশের সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষের দেওয়া অনুমোদিত থাকার সময়, সাধারণত ফরম আই-৯৪-এ উল্লেখ থাকে এবং সেটিই কতদিন দেশটিতে থাকা যাবে তা নির্ধারণ করে।

দূতাবাস আরও জানিয়েছে, অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করা কিংবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কার্যক্রমে যুক্ত হওয়া ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া বা দেশটিতে ফেরার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভিসা সাধারণত স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা অকার্যকর হয়ে যেতে পারে। তবে অনুমোদিত সময় শেষ হওয়ার আগে যথাযথভাবে অবস্থান বাড়ানো বা স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করা হলে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম প্রযোজ্য হতে পারে।

কতদিন বেশি থাকলে কী হতে পারে

মার্কিন অভিবাসন আইনে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের সময় নির্দিষ্ট সীমা ছাড়ালে ভবিষ্যতে পুনরায় প্রবেশের ওপর কয়েক বছরের নিষেধাজ্ঞা হতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ১৮০ দিন বা তার বেশি কিন্তু এক বছরের কম সময় অবৈধভাবে অবস্থান করলে যুক্তরাষ্ট্র ছাড়ার পর তিন বছর পর্যন্ত ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্যতা তৈরি হতে পারে। আর এক বছর বা তার বেশি সময় অবৈধভাবে অবস্থান করলে যুক্তরাষ্ট্র ছাড়ার পর ১০ বছর পর্যন্ত ভিসার অযোগ্যতা হতে পারে।

তবে এসব ক্ষেত্রে ব্যক্তির পরিস্থিতি, অভিবাসন-সংক্রান্ত অবস্থান এবং প্রযোজ্য আইনি ব্যতিক্রম বিবেচ্য হতে পারে। তাই অনুমোদিত সময় শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, যুক্তরাষ্ট্রে অবস্থানের নির্ধারিত সময় ও ভিসার শর্ত মেনে চলা ভিসাধারীর দায়িত্ব। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যৎ ভ্রমণ ও ভিসা আবেদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

 

ক্যাটাগরি