সারাদেশ

যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় আসার অনুরোধ, ওসির ফোনালাপ ফাঁস

দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান ও উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সনি
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের সঙ্গে উপজেলা যুব মহিলা লীগের এক নেত্রীর ফোনালাপ ফাঁস হয়েছে। ফাঁস হওয়া কথোপকথনে ওই নেত্রীকে বারবার নিজের বাংলোয় আসার অনুরোধ করতে শোনা যায় ওসিকে। এ ঘটনায় ফোনালাপের সত্যতা স্বীকার করলেও ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ওই নেত্রীর নাম তাজকিরা আক্তার সনি। তিনি দাগনভূঞা উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ফাঁস হওয়া ফোনালাপ থেকে জানা যায়, একটি মামলায় গত ১০ নভেম্বর গ্রেপ্তার হন তাজকিরা আক্তার সনি। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর ওসি ফয়জুল আজিম তাকে ফোন করে দেখা করতে বলেন।

কথোপকথনের একপর্যায়ে সনি জানান, তিনি মাথাব্যথায় ভুগছেন। এ ছাড়া বর্তমানে কুমিল্লার মিয়াবাজারে অবস্থান করায় দাগনভূঞায় যাওয়া সম্ভব নয়।

তখন ওসিকে কাতর স্বরে বলতে শোনা যায়, ‘মাথাব্যথা থেকে যা কিছু আছে, সব চলে যাবে। তুমি আসো। আমার সঙ্গে অল্প একটু কথা বললে, দেখা করলে সব সমস্যা চলে যাবে। আমার কিছু চাওয়া-পাওয়া নেই। শুধু একটু দেখতে চাই। একটা সিএনজি নিয়ে চলে আসো।’

জবাবে সনি বলেন, ‘আমি দাগনভূঞায় নেই। থাকলে অবশ্যই আসতাম। আমি চৌদ্দগ্রামে আছি। আমি জেলের মেঝেতে শুয়ে অসুস্থ হয়ে পড়েছি। জেলে ভাত খেতে পারিনি। বাড়ি এসে ভাত খেয়েছি।’

এরপর ওসি বলেন, ‘মানুষের একটা আকর্ষণ আছে না। তুমি যেখানেই আছো, বাংলোয় চলে আসো।’

ফোনালাপের ব্যাখ্যা দিলেন ওসি

ফোনালাপের বিষয়ে জানতে চাইলে ওসি ফয়জুল আজিম গণমাধ্যমকর্মীদের কাছে এর সত্যতা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, ওই নারী একজন দুর্ধর্ষ অপরাধী। অনেক কষ্টে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু জামিনে মুক্তি পেয়ে তিনি আবার পালিয়ে গেছেন।

ওসির ভাষ্য, সনিকে আবার বুঝিয়ে পুলিশের কাছে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই তিনি ফোন করেছিলেন।

তিনি আরও বলেন, সনির প্রতিপক্ষ গ্রুপের কয়েকজনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তার কাছে রয়েছে। তাকে পুলিশের সোর্স হিসেবে ব্যবহার করে আরও কয়েকজনকে গ্রেপ্তারের পরিকল্পনা ছিল।

ওসির দাবি, সনি নিজেই তার সঙ্গে দেখা করার কথা বলেছিলেন এবং কিছু তথ্য দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু গ্রেপ্তার আতঙ্কে তিনি আর আসেননি। বর্তমানে পালিয়ে থেকে পুলিশের কাজে বাধা সৃষ্টি করছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে তাজকিরা আক্তার সনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ক্যাটাগরি