মতামত

রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবে?

 

বাংলাদেশের রাজনীতিতে ৭৫ বছর বয়সী আওয়ামী লীগ একসময় ছিল বাস্তবতা। মুক্তিযুদ্ধের নেতৃত্ব (যদিও তা নিয়ে বিতর্ক আছে) থেকে শুরু করে রাষ্ট্রগঠনের প্রাথমিক পর্ব পর্যন্ত এই দলের একক সর্বময় উপস্থিতি অস্বীকার করা যায় না। কিন্তু ইতিহাসে যেমন গৌরব থাকে, তেমনি দায়ও থাকে। গত দেড় দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ ক্রমেই এমন এক রাজনৈতিক কাঠামো তৈরি করেছে যেখানে দল, সরকার ও রাষ্ট্র একাকার হয়ে গেছে। এই ক্ষমতার কেন্দ্রীকরণই আজ তাদের ভবিষ্যৎ রাজনীতিকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে।

২০০৮ সালের নির্বাচনে ১/১১ সরকার ও দেশি-বিদেশি শক্তির নীলনকশায় বিপুল বিজয়ের পর শেখ হাসিনার নেতৃত্বে সরকার উন্নয়নের অজুহাতে প্রশাসনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে। ধীরে ধীরে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীও রাজনৈতিক নিয়ন্ত্রণের আওতায় আসে। গণমাধ্যমে আর স্বাধীন আলোচনা বা সমালোচনার জায়গা থাকেনি। একসময়ের গণতান্ত্রিক সংগঠনটি কেবল এক ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থায় পরিণত হয়ে পড়ে, যেখানে ভিন্নমতকে ‘রাষ্ট্রবিরোধী’ হিসেবে দেখা হতো।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণই রাষ্ট্রের মালিক, কিন্তু ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সেই মালিকানার প্রতিফলন ঘটেনি। ২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ, ২০১৮ সালে ‘রাতের ভোট’-এর আয়োজন, ২০২৪-এ ডামি নির্বাচন জনমনে আওয়ামী গণতন্ত্রের প্রতি আস্থা ভেঙে দিয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মাঠে নামতে না দেওয়া, গ্রেপ্তার-নিপীড়নের সংস্কৃতি এবং প্রশাসনকে নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহারের ফলে নির্বাচন প্রহসনে পরিণত হয়েছিল।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ) এবং পরে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করা হয়েছে। সাংবাদিক, শিক্ষক, ছাত্র, এমনকি সাধারণ নাগরিকদেরও সমালোচনামূলক পোস্টের জন্য গ্রেপ্তার করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, গত কয়েক বছরে ডিএসএ-তে হাজার হাজার মামলা হয়েছে, যেগুলোর বড় অংশের আসামি তরুণ প্রজন্মের মানুষ। এভাবে ভয়ভীতির সংস্কৃতি তৈরি করে সরকার নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, কিন্তু হারিয়েছে সাধারণ মানুষের আস্থা।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার বলেছে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর ‘বিচারবহির্ভূত হত্যা’ ও ‘গুম’-এর সংস্কৃতি গভীরভাবে প্রাতিষ্ঠানিক হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৬০০ জনের অধিক গুমের ঘটনা নথিবদ্ধ হয়েছে। অনেক পরিবার আজও প্রিয়জনের সন্ধান পায়নি।

অর্থনৈতিক উন্নয়নের নামে যে কল্পিত ‘গল্প’ প্রচার করা হয়েছে, তার ভিত ছিল দুর্বল। রেমিট্যান্স ও ভোগনির্ভর এই প্রবৃদ্ধি বাস্তবে ক্রমবর্ধমান বৈষম্য তৈরি করেছে। ব্যাংক খাত চলে গিয়েছিল পরিবার ও ঘনিষ্ঠ গোষ্ঠীর হাতে; খেলাপি ঋণ বেড়ে ১ লাখ কোটি টাকারও বেশি। সিন্ডিকেটভিত্তিক দুর্নীতি, অবৈধ টাকা পাচার এবং ক্ষমতাসীনদের বিলাসবহুল জীবনযাপন সাধারণ মানুষের ক্ষোভকে বাড়িয়ে তুলেছিল। একই সঙ্গে সরকারি চুক্তি, বড় প্রকল্প ও নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ ছিল সাধারণ নিয়ম।

বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণে প্রতিবেশী ভারতের প্রভাব ক্রমেই বেড়েছে। তিস্তা চুক্তি থেকে শুরু করে সীমান্ত হত্যা, বিদ্যুৎ ক্রয়, ট্রানজিট সব ক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে সাধারণ মানুষ বিশ্বাস করে। জনগণের চোখে এটি একটি ভারততোষণ, নতজানুনীতি হিসেবে চিত্রিত হয়েছে, যা জাতীয় আত্মমর্যাদার প্রশ্নে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় নামিয়ে এনেছে।

২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটে, তা মূলত দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। ফ্যাসিবাদী আওয়ামী সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে কঠোর দমননীতি গ্রহণ করে। তরুণ প্রজন্ম, যারা একসময় আওয়ামী লীগের উন্নয়ন প্রচারণার মূল শ্রোতা ছিল, তারা আজ দলটির প্রতি বিমুখ। আওয়ামী লীগের নাম উচ্চারণ করে তারা ঘৃণাভরে।

নির্বাচনী বৈধতা হারিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা দল নয়, প্রশাসনিক জোরে ক্ষমতায় টিকে ছিল গত ষোলো বছর। দলীয় আমলাতন্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল এই কাঠামো কখনও টেকসই হতে পারে না। ইতিহাস সাক্ষী যে কোনো রাজনৈতিক দল যখন জনগণের অংশগ্রহণ ও বৈধতা হারায়, তখন তার পতন অবশ্যম্ভাবী হয়। ১৯৯০ সালে এরশাদের পতন যেমন হয়েছিল, তেমনি জনগণের অসন্তোষের ঢেউ আওয়ামী দুঃশাসনকেও টিকিয়ে রাখতে পারেনি।

বাংলাদেশের তরুণ প্রজন্ম আজ নতুন ধারার রাজনীতি চায় যেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা ও নাগরিক স্বাধীনতার নিশ্চয়তা থাকবে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনে সেই প্রত্যাশা ও সুযোগ হারিয়ে গেছে। তাদের রাজনীতি ছিল ক্ষমতা টিকিয়ে রাখার কৌশলে সীমাবদ্ধ, আদর্শে নয়। এই বাস্তবতায় যদি তারা আত্মসমালোচনার পথ না নেয়, তবে ভবিষ্যতের বাংলাদেশে তাদের প্রাসঙ্গিকতা আরও দ্রুত ক্ষীণ হবে।

তাছাড়া প্রতিপক্ষ রাজনৈতিক দলের রাজনীতিকে ডিফিকাল্ট করার লক্ষ্যে শেখ মুজিব ও মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে একচ্ছত্র বয়ান তৈরি করেছিল, তার উপর্যুপরি ব্যবহারে এক সময় তা-ও মুখ থুবড়ে পড়ে কালের ইতিহাসে।

আওয়ামী লীগ একসময় ছিল স্বঘোষিত স্বাধীনতার প্রতীক; পরে তা পরিণত হয়েছে ক্ষমতার প্রতীকে। একটি রাজনৈতিক দল যখন রাষ্ট্রযন্ত্রে রূপ নেয়, তখন তার পতন অবশ্যম্ভাবী এবং আওয়ামী লীগের বেলায় তাই ঘটেছে।

সাঈদ বারী : কলাম লেখক ও প্রকাশক

মতামত লেখকের নিজস্ব

ক্যাটাগরি