রাতে না খেয়েও সকালে বাড়ছে রক্তে শর্করা? যে ৫ অভ্যাসে মিলতে পারে সমাধান

রাতে দীর্ঘ সময় না খেয়ে থাকার পরও সকালে ঘুম থেকে উঠে রক্তে শর্করার মাত্রা বেশি পাওয়া যাচ্ছে? ডায়াবেটিসে আক্রান্ত অনেকেরই এমন অভিজ্ঞতা হয়। এর পেছনে শুধু খাবার নয়, শরীরের হরমোনের পরিবর্তন, ঘুমের ঘাটতি এবং দৈনন্দিন জীবনযাপনের অভ্যাসও দায়ী হতে পারে।
চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যার অন্যতম পরিচিত কারণ হলো ‘ডন ফেনোমেনন’ বা ভোরবেলার হরমোনজনিত প্রভাব। বিশেষজ্ঞদের মতে, সকালের কিছু অভ্যাসে পরিবর্তন আনলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা পাওয়া যেতে পারে।
সকালে না খেয়েও কেন বাড়ে রক্তে শর্করা?
অনেক ডায়াবেটিস রোগী সকালে ঘুম থেকে উঠে দেখেন, রক্তে শর্করার মাত্রা প্রত্যাশার চেয়ে বেশি। এর একটি সম্ভাব্য কারণ ডন ফেনোমেনন।
ভোরের দিকে শরীর থেকে কর্টিসল ও গ্রোথ হরমোনের মতো কিছু হরমোন নিঃসৃত হয়। এসব হরমোন শরীরকে ঘুম থেকে জেগে ওঠার জন্য প্রস্তুত করে। এ সময় যকৃতে গ্লুকোজ উৎপাদন বেড়ে যেতে পারে এবং ইনসুলিনের কার্যকারিতা সাময়িকভাবে কমে যেতে পারে।
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের শরীরে ইনসুলিন তৈরি বা ব্যবহারে সমস্যা থাকায় হরমোনের এই পরিবর্তনের প্রভাব বেশি হতে পারে। ফলে সকালে কোনো খাবার না খেয়েও রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এ ছাড়া রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া কিংবা ঘুমের মান খারাপ হলেও সকালে সুগার বেশি থাকতে পারে।
সকালের রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে
সকালের রুটিনে কয়েকটি পরিবর্তন আনলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যেতে পারে।
১. দিন শুরু করুন পানি পান করে
সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস সাধারণ পানি পান করার অভ্যাস করুন। চা বা কফি খাওয়ার অভ্যাস থাকলে তা বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে এসব পানীয়তে অতিরিক্ত চিনি মেশানো এড়িয়ে চলুন। পাশাপাশি চায়ের সঙ্গে মিষ্টি বিস্কুট খাওয়ার অভ্যাসও কমিয়ে আনুন।
২. প্রাতরাশে রাখুন প্রোটিন ও আঁশযুক্ত খাবার
সকালের খাবারে শুধু শর্করাজাতীয় খাবারের ওপর নির্ভর না করে প্রোটিন ও খাদ্যআঁশসমৃদ্ধ খাবার রাখুন। ডিম, পনির, মুগ ডালের চিলা, টক দই, বাদাম ও বিভিন্ন ধরনের সবজি খেতে পারেন। ফলের রসের পরিবর্তে গোটা ফল খাওয়ার অভ্যাস করুন। এতে ফলের প্রাকৃতিক শর্করার পাশাপাশি খাদ্যআঁশও পাওয়া যায়।
৩. নাশতার পর কিছুক্ষণ হাঁটুন
সকালের খাবার খাওয়ার পর দীর্ঘ সময় বসে না থেকে অল্প হাঁটাহাঁটি করুন। হাঁটার সময় পেশি গ্লুকোজ ব্যবহার করে, যা খাবারের পর রক্তে শর্করার বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী হাঁটার সময় ও গতি নির্ধারণ করুন।
৪. পরিশোধিত শর্করা কমিয়ে দিন
সাদা পাউরুটি, মিষ্টিজাতীয় খাবার, চিনিযুক্ত পানীয় এবং অতিরিক্ত পরিশোধিত শর্করাজাতীয় খাবার রক্তে শর্করা দ্রুত বাড়াতে পারে। তাই এসব খাবারের পরিবর্তে সুষম খাবার বেছে নিন। প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ডাল ও উপযুক্ত পরিমাণে প্রোটিন রাখুন।
৫. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
ঘুমের ঘাটতি শরীরের হরমোনের ভারসাম্য এবং ইনসুলিনের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তুলুন। ঘুমের মান ভালো রাখার পাশাপাশি রাতে অপ্রয়োজনীয় জেগে থাকার অভ্যাসও কমিয়ে আনুন।
ওষুধ ও ইনসুলিনের বিষয়ে সতর্কতা
সকালে রক্তে শর্করার মাত্রা বেশি পাওয়া গেলে শুধু খাবার বা ব্যায়ামের ওপর নির্ভর করা ঠিক নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ইনসুলিন গ্রহণ করতে হবে। নিজের ইচ্ছেমতো ওষুধের মাত্রা বা গ্রহণের সময় পরিবর্তন করা উচিত নয়।
বারবার সকালে সুগার বেশি পাওয়া গেলে চিকিৎসকের সঙ্গে বিষয়টি আলোচনা করুন। প্রয়োজনে রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করে এর কারণ নির্ণয় করা যেতে পারে।
মনে রাখতে হবে, সবার জন্য একই সকালের রুটিন সমানভাবে কার্যকর নয়। পর্যাপ্ত ঘুম, সুষম প্রাতরাশ, চিনি ও পরিশোধিত শর্করা কম খাওয়া এবং নিয়মিত শারীরিক পরিশ্রম দীর্ঘমেয়াদে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে।
সূত্র: আনন্দবাজার



