কর্পোরেট

রিহ্যাব প্রেসিডেন্ট পদে আলী আফজালের দায়িত্ব বহাল

ছবি : সংগৃহীত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট পদে ড. আলী আফজালের দায়িত্ব আপাতত বহাল থাকছে। তাঁর সভাপতি পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

ড. আলী আফজালের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে গত ১৫ সেপ্টেম্বর ড. আলী আফজালের দাখিল করা আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশ অমান্য করা হলে তা আদালত অবমাননার শামিল হবে বলেও আইনজীবীর প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে।

এর ফলে গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া ওই সিদ্ধান্তের কার্যকারিতা আপাতত স্থগিত হলো। ওই সিদ্ধান্তে রিহ্যাবের প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করা হয়েছিল।

আদালতের আদেশের ফলে ড. আলী আফজালের রিহ্যাব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আইনগত অবস্থান বহাল রয়েছে বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ক্যাটাগরি