শর্তসাপেক্ষে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় কয়েকটি শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় ১৯ জুলাই হাসপাতালটির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়। তদন্ত প্রতিবেদনে সন্তোষজনক তথ্য পাওয়ায় পূর্বের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
তবে হাসপাতালটিকে The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর সব বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার আরও জানিয়েছে, নির্ধারিত শর্ত পালনে ব্যর্থ হলে প্রচলিত আইন অনুযায়ী হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ জারি করেছিল। সর্বশেষ তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে।




