জাতীয়

সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ নেবেন। সন্ধ্যা ৭টায় অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এরই মধ্যে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতির শপথ উপলক্ষে বঙ্গভবনের দরবার হলও নতুনভাবে সাজানো হয়েছে। ঐতিহাসিক এই হলেই এর আগে একাধিক রাষ্ট্রপতির শপথসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রয়েছেন।

এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, অতিথিদের সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে আসন গ্রহণ করতে বলা হয়েছে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান দরবার হলে প্রবেশ করবেন। এর পাঁচ মিনিট পর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দরবার হলে প্রবেশ করবেন।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যদের ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

নির্বাচনের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

ফিনান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি