সম্পদবিবরণী প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির

সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ ও প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, দেশের আর্থিক সক্ষমতার সীমাবদ্ধতার মধ্যেও তিন ধাপে সরকারি কর্মজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত যৌক্তিক। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা সামঞ্জস্যপূর্ণ না হলে তাদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত দক্ষতা ও দুর্নীতিমুক্ত সেবা প্রত্যাশা করা কঠিন।
তবে জনগণের করের অর্থে বেতন-ভাতা বাড়ানোর সুফল নিশ্চিত করতে হলে সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়, ব্যয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ ও প্রকাশ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে টিআইবি।
ইফতেখারুজ্জামান বলেন, যারা প্রতিবছর আয়-ব্যয় ও সম্পদবিবরণী হালনাগাদ করে প্রকাশ করবেন, শুধু তাদের জন্যই নতুন বেতন-ভাতা বৃদ্ধি কার্যকর করা উচিত। যারা এ তথ্য প্রকাশ করবেন না, তাদের ক্ষেত্রে নতুন পে-স্কেল প্রযোজ্য না করারও দাবি জানান তিনি।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এ ধরনের শর্ত কার্যকর করা হলে সরকারি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা সহজ হবে।
তিনি বলেন, অনেক সরকারি কর্মজীবী অনিয়ম ও দুর্নীতি থেকে দূরে থেকে সৎভাবে দায়িত্ব পালন করছেন। তাদের জন্য নতুন বেতনস্কেল ন্যায়সংগত ও প্রয়োজনীয়। তবে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থ-সম্পদ অর্জনে জড়িতদের জন্য এ সুবিধা অযৌক্তিক।
ইফতেখারুজ্জামান আরও বলেন, কার্যকর জবাবদিহির ব্যবস্থা ছাড়া ঢালাওভাবে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হলে সরকারি খাতে দুর্নীতির মাত্রা আরও বাড়তে পারে।
২০১৫ সালে বাস্তবায়িত অষ্টম পে-স্কেলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তখন বেতন-ভাতা বাড়ানোর মাধ্যমে সরকারি কর্মজীবীদের আর্থিক নিরাপত্তা ও কর্মোদ্দীপনা বৃদ্ধির পাশাপাশি দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে ওঠার প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি ও ঘুষের ব্যাপকতা বেড়েছে বলে দাবি করেন তিনি।
এবার যেন একই পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সে জন্য সম্পদবিবরণী প্রকাশের বাধ্যবাধকতাসহ কার্যকর জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে টিআইবি।
এদিকে সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা বাড়ানোর ফলে নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। তাই নতুন পে-স্কেল বাস্তবায়নের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



