সাদ-সোহেলের নাইট ক্লাবের ছবি নিয়ে নতুন ব্যাখ্যা, মুখ খুললেন এলেনা

ইন্দোনেশিয়ান তরুণীর দাবি, ছবিগুলো জাকার্তার নয়; দুই মাস আগে নেপালে তোলা
আসিয়ান কাপে বাংলাদেশের ৯-২ গোলের হারের পর জাতীয় ফুটবল দলের দুই খেলোয়াড় সাদ উদ্দিন ও সোহেল রানার সঙ্গে এক ইন্দোনেশিয়ান তরুণীর নাইট ক্লাবের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তাতে নতুন মোড় এসেছে। সমালোচিত সেই পোস্ট নিয়ে এবার মুখ খুলেছেন তরুণী এলেনা।
এলেনা স্পষ্ট করে জানিয়েছেন, আলোচিত ছবি ও ভিডিওগুলো ইন্দোনেশিয়ায় তোলা নয়। তার দাবি, ছবিগুলো প্রায় দুই মাস আগে নেপাল ভ্রমণের সময় তোলা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এলেনা বলেন, ছবি ও ভিডিওগুলো দুই মাস আগের নেপাল ভ্রমণের। সে সময় তার পরিচয় হয়েছিল কয়েকজন ‘চমৎকার ও পেশাদার’ মানুষের সঙ্গে।
বাংলাদেশি ফুটবলপ্রেমী ও বিভিন্ন গণমাধ্যমে ছবিগুলোকে আসিয়ান কাপ চলাকালে জাকার্তার নাইট ক্লাবে ফুটবলারদের সময় কাটানোর ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছিল। এ নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির জন্য দুঃখপ্রকাশ করেছেন এলেনা।
তিনি জানান, ভ্রমণের অনেক দিন পর ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা তার অভ্যাস। ভ্রমণের সময় নিজের অবস্থান গোপন রাখা এবং সেই মুহূর্তগুলো উপভোগ করার জন্যই তিনি তাৎক্ষণিকভাবে কোনো পোস্ট করেন না।
এর আগে এলেনার প্রথম পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশি ফুটবলে তীব্র সমালোচনা শুরু হয়। আসিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বা পরে সাদ উদ্দিন ও সোহেল রানা জাকার্তার কোনো নৈশক্লাবে সময় কাটিয়েছেন—এমন ধারণা তৈরি হয়েছিল অনেকের মধ্যে।
তবে শুরু থেকেই সাদ উদ্দিন ও সোহেল রানা গণমাধ্যমকে বলে আসছিলেন, ঘটনাটি জাকার্তার নয়। তাদের দাবি ছিল, আসিয়ান কাপের অনেক আগেই নেপালে ছুটির সময় ওই ছবি ও ভিডিও তোলা হয়েছিল।
সাদ উদ্দিন আরও জানিয়েছেন, নতুন করে তার অনুরোধেই এলেনা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন।
এলেনার নতুন বক্তব্যের পর আলোচিত ছবি ও ভিডিওর সময় ও স্থান নিয়ে তৈরি হওয়া বিতর্কে নতুন তথ্য সামনে এসেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুরোনো পোস্টকে কেন্দ্র করে যে সমালোচনা তৈরি হয়েছিল, তা নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।
ফিনান্সিয়াল বার্তা/ এইচ



