সামাজিক মাধ্যমে মার্কিন কূটনীতিকদের ভুয়া প্রোফাইল, সতর্কবার্তা দূতাবাসের

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি করা ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল ও প্রতারণামূলক যোগাযোগ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, মার্কিন কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে কেউ অনলাইনে যোগাযোগ করলে সতর্ক থাকতে হবে। দূতাবাসের কর্মীরা অনলাইনে কখনোই কারও কাছে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না।
কেউ মার্কিন কূটনীতিকের পরিচয় দিয়ে যোগাযোগ করে টাকা বা ব্যক্তিগত তথ্য চাইলে তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে কোনো ধরনের অর্থ না পাঠাতেও সতর্ক করা হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারকরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। তাই অপরিচিত বা সন্দেহজনক অ্যাকাউন্ট থেকে আসা যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি।
সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া প্রোফাইল শনাক্ত করতে এবং প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।



