সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দল-মত নির্বিশেষে দেশ গড়ার আহ্বান

সিলেটকে নিজের অত্যন্ত প্রিয় জায়গা উল্লেখ করে দল-মত নির্বিশেষে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেট পৌঁছে বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সফরের শুরুতে সিলেট সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি। পরে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বলেন, সিলেটের অলী-আউলিয়াদের সান্নিধ্য তাঁর কাছে সবসময়ই বিশেষ অনুভূতির। তবে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর তিনি দল-মত নির্বিশেষে পুরো দেশের মানুষের প্রতিনিধিত্ব করছেন।
দেশের অর্থনীতিতে প্রবাসী সিলেটিদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করছে। সিলেটের পাহাড়, চা-বাগান ও বনভূমিকে কাজে লাগিয়ে পর্যটন খাতের উন্নয়নে প্রবাসীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় একটি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ ক্ষেত্রে সরকারি ও বিরোধী দল উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এর আগে মঙ্গলবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাণিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফিনান্সিয়াল বার্তা/ বি ইউ



