সেপ্টেম্বরের জন্য কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৮৫ টাকা

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) এক ঘোষণায় নতুন দাম নির্ধারণ করে বিইআরসি। কমিশন জানিয়েছে, নির্ধারিত দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
নতুন দামে সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডার ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ কেজির সিলিন্ডার ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা এবং ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকায় বিক্রি হবে।
অন্যদিকে, ৩০ কেজি এলপিজির দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম, আমদানি ব্যয়, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বিবেচনায় নিয়ে দেশে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করে। নতুন দাম কার্যকর হওয়ায় বিশেষ করে বাসাবাড়িতে ১২ কেজি এলপিজি ব্যবহারকারী ভোক্তাদের মাসিক রান্নার খরচ সামান্য কমবে।



