জাতীয়

সৌদিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি

সাব্বির হোসেন শুভ, শামীম আহমেদ ও রবিউল আউয়াল হৃদয়

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানিয়েছেন, আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডে মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্তে জটিলতা দেখা দিয়েছে।

নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গার দুজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, উপজেলার বিভিন্ন গ্রামের ১৩ জন সৌদি আরবে গিয়ে ওই সোফা কারখানায় কাজ করছিলেন। তাদের মৃত্যুর খবর পরিবারের সদস্যদের জানানো হয়েছে।

নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে সাব্বির ও শামীম নামে দুজন ওই উপজেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সৌদি ফায়ার সার্ভিস। নিহতদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে শনাক্তকরণ প্রক্রিয়ায় সহযোগিতা করছেন।

নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে নিহতদের পরিবারের জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরদেহ দেশে ফেরানোসহ প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর নিহতদের নিজ নিজ এলাকায় পরিবারগুলোর মধ্যে শোকের মাতম চলছে।

এফ বার্তা/ এইচ

ক্যাটাগরি