সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সংরক্ষিত ও সংবেদনশীল স্থাপনা বা ঘটনা-সংক্রান্ত ছবি ও ভিডিও ধারণ এবং স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলাবিরোধী কোনো বিষয়বস্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা প্রচার না করার জন্য সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় সৌদি আইন এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা পরিপন্থি বা বিরোধী যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকা বাধ্যতামূলক। এ বিষয়ে প্রবাসীদের কয়েকটি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে সতর্ক করেছে দূতাবাস।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংরক্ষিত এলাকা বা স্থাপনা, সংবেদনশীল ঘটনা বা বিষয় এবং অপ্রয়োজনীয় কোনো ছবি তোলা বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক করা হয়েছে। ফেসবুক, ইউটিউব, এক্স (টুইটার)সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার বিরোধী কোনো বিষয়বস্তু প্রকাশ, প্রচার, সংরক্ষণ, আদান-প্রদান এবং এতে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ডিপ্লোম্যাটিক কোয়ার্টার ও বাংলাদেশ দূতাবাস এলাকার ক্ষেত্রেও বিশেষ নির্দেশনা দিয়েছে দূতাবাস। সেবা গ্রহণের আগে বা পরে দূতাবাসের অভ্যন্তরে, বাইরে কিংবা আশপাশের এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা না করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে অনুমতি ছাড়া ছবি তোলা বা ভিডিও ধারণও নিষিদ্ধ করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করা স্থানীয় সৌদি আইনে দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসীদের দায়িত্বশীল আচরণ, সচেতনতা এবং সৌদি আইনের প্রতি শ্রদ্ধা একদিকে নিরাপদ ও সুশৃঙ্খল প্রবাসজীবন নিশ্চিত করতে সহায়তা করবে, অন্যদিকে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে ভূমিকা রাখবে। এ বিষয়ে সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ দূতাবাস।



