ব্যাংক বীমা

হজযাত্রীদের জন্য ইসলামী ব্যাংকের ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু

পবিত্র হজ পালন আরো সহজ, নিরাপদ ও সুবিধাজনক করতে ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির নতুন এই কার্ডের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে যেকোনো মাস্টারকার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে সরাসরি সৌদি রিয়াল উত্তোলন করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী ব্যাংক ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সদস্যদের এক মতবিনিময় সভায় কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কার্ডের প্রধান সুবিধাসমূহ:

  • বৈদেশিক মুদ্রা লোড: কার্ডটিতে প্রতিটি হজযাত্রীর জন্য সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করার সুবিধা রয়েছে।

  • লেনদেন ও ফ্রি ইস্যু: তাৎক্ষণিকভাবে কোনো প্রকার অতিরিক্ত চার্জ ছাড়াই এই কার্ড ইস্যু ও সরবরাহ করা হবে। সৌদি আরবে সব ধরনের পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনে কেনাকাটা ও লেনদেনে এটি ব্যবহার করা যাবে।

  • লাউঞ্জ সুবিধা: কাফেলা কার্ডধারী হজযাত্রীরা বছরে সর্বোচ্চ চারবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘বলাকা লাউঞ্জ’ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হুসাইন। এতে বিশেষ অতিথি ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের পরিচালক সোহেল আলিম। ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসীম।

উদ্বোধনী অনুষ্ঠানে হাব এবং ইসলামী ব্যাংকের উচ্চপদস্থ নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি