হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, আক্রান্ত ৭২৮

দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনকই রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে ৭২৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৭০ জনের।
শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮০৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৯ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন ৭০ জনসহ ১৫ মার্চ থেকে দেশে এ পর্যন্ত ১৭ হাজার ৮০০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দেওয়া ৭২৮ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এ ধরনের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৯ জন।
নতুন করে মৃত্যু ও উপসর্গের রোগী শনাক্ত হওয়ায় দেশে হামের পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও চিকিৎসাসেবা আরও জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এফ বার্তা /এইচ




