হিলিতে তিন দিনে ৪৮৭ টন কাঁচা মরিচ আমদানি, কমেছে দাম

পূজার ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। ফলে পণ্যটির সরবরাহ বেড়ে খুচরা পর্যায়ে কেজিতে দাম কমেছে অন্তত ১৫০ টাকা। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাসাধারণের মাঝে।
জানা গেছে, দুর্গাপূজায় হিলি স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ ছিল। ফলে ওই সময় আমদানি-রপ্তানি পুরোপুরি বন্ধ ছিল। এতে বাজারে কাঁচা মরিচের চরম সংকট দেখা দেয়। খুচরা পর্যায়ে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া মরিচের দাম কয়েক দফায় বেড়ে দ্বিগুণ ছাড়িয়ে যায়। অর্থাৎ সর্বশেষ ৩০০ টাকা পর্যন্ত গিয়ে ঠেকে পণ্যটির দাম। পূজার ছুটি শেষে গত শনিবার থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়। এতে পণ্যটির দাম কমতে শুরু করেছে। খুচরা পর্যায়ে কেজিতে বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে।
বিক্রেতারা জানান, আমদানি শুরু হওয়ায় সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এতে মোকামে দামও কমেছে।
এদিকে হিলি স্থলবন্দরে দেখা গেছে, আমদানিকৃত ভারতীয় কাঁচা মরিচ পাইকারি পর্যায়ে মান ভেদে ১১৫-১২০ টাকা কেজি দরে বিক্রি হতে।হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক জুয়েল রানা জানান, ২৬০ ডলার মূল্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করছেন। পূর্বের তুলনায় আমদানি বাড়লেও বৈরী আবহাওয়ার কারণে আশানুরূপ দাম কমছে না। কারণ কয়েকদিন টানা বৃষ্টির কারণে মরিচ পচে যাচ্ছে।
হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত তিন দিনে ৪৯ ভারতীয় ট্রাকে ৪৮৭ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, আমদানিকৃত এসব মরিচ ৬১ টাকা কেজি এলসি মূল্য নির্ধারণ করে ৩৬ টাকা শুল্কারোপ করা হচ্ছে। মরিচ পচনশীল পণ্য হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে শুল্কায়ন ও পরীক্ষণ করা হচ্ছে।সূত্র চ্যানেল 24




