১০ বছরের সম্পর্কের ইতি: বিচ্ছেদের পথে হাঁটছেন প্রীতম হাসান ও শেহতাজ

পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ১০ বছরের দীর্ঘ পথচলা ও দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম।
রোববার (৪ অক্টোবর) রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক যৌথ বিবৃতিতে প্রীতম ও শেহতাজ দুজনই এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।
বিবৃতিতে প্রীতম হাসান লেখেন, ‘আমি ও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’ একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তারা জানান, একে অপরের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা সবসময় থাকবে। তবে সময়ের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য মঙ্গলজনক বলে মনে করছেন তারা।
বিচ্ছেদের সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয় উল্লেখ করে প্রীতম আরও লেখেন, ‘অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই।’
জীবনের এই পরিবর্তনকালীন সময়ে নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। বিষয়টি সবার তরফ থেকে সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, একটি গানের মিউজিক ভিডিওর মাধ্যমে প্রথম পরিচয় হয় প্রীতম ও শেহতাজের। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ২৯ অক্টোবর দুই পরিবারের সম্মতিতে শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা।



