২০২৭ সালের হজ নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, সময় বাড়বে না

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন শেষ হওয়ার পর সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা জানানো হবে। এরপর চূড়ান্ত তালিকা অনুযায়ী সৌদি পর্বের অর্থ প্রেরণ, মেডিকেল চেকআপ, ফিটনেস সনদ, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
২০২৭ সালে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৫০০ জন। তবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৩ হাজার ৭৪১ জন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন করেছেন। ফলে নির্ধারিত কোটার তুলনায় এখনো নিবন্ধনের সংখ্যা অনেক কম।



