জাতীয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত ১১৫৪ শিশু, মৃত্যু আরও ১

সংগৃহীত ছবি

দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৪ শিশু।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ সময়ে নতুন করে ৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ১১৪ জন।

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১ হাজার ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৭।

এই সময়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩১২। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৩৭ হাজার ৩৫০ জন বাড়ি ফিরেছে।

নতুন আক্রান্ত ও মৃত্যুর এই তথ্য দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি