৩০ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হজ ও ওমরা ফেয়ার-২০২৬’

হজ ও ওমরায় আগ্রহীদের প্রয়োজনীয় তথ্য ও সেবা এক ছাদের নিচে পৌঁছে দিতে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী ‘হজ ও ওমরা ফেয়ার-২০২৬’ আগামী ৩০ জুলাই শুরু হচ্ছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত এ মেলা চলবে ১ আগস্ট পর্যন্ত।
মেলায় হজ এজেন্সি, ব্যাংক এবং বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের ১৫৪টি স্টল থাকবে। দর্শনার্থীরা হজ ও ওমরার বিভিন্ন প্যাকেজ, নিবন্ধন প্রক্রিয়া, ভ্রমণ-সংক্রান্ত সেবা, গাইডলাইন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।
সোমবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাব জানায়, ৩০ জুলাই সকাল ৯টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং সঞ্চালনা করবেন সংগঠনের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিমান ও পর্যটন সচিব ফাহমিদা আখতার, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত আবদুল আজিজ ফাহাদ এম. আল ইবরাহিম।
এদিকে ২০২৭ সালের হজ উপলক্ষে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং দুই ধাপে ৪৮০টি হজ এজেন্সিকে হজ কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।



