৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫% কর ছাড়: এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে ব্যক্তি শ্রেণির করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবেন। নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিল করলে এ সুবিধা আর প্রযোজ্য হবে না।
রোববার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, নতুন বিধান অনুযায়ী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করলে কোনো কর প্রণোদনা মিলবে না। আর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা ন্যূনতম ৩ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর দিতে হবে। এছাড়া ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ন্যূনতম ৫ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর আরোপ করা হবে।
এনবিআরের মতে, সময়ের শুরুতেই কর প্রণোদনা দেওয়ার এই উদ্যোগ করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে উৎসাহিত করবে, কর পরিপালনের সংস্কৃতি জোরদার করবে এবং কর প্রশাসনকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করবে।
উল্লেখ্য, ২২ জুলাই থেকে ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু হয়েছে। eTax প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিল, ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ এবং রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করা যাচ্ছে। রিটার্ন জমার পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদও সংগ্রহ করা সম্ভব।
এনবিআর করদাতাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই রিটার্ন দাখিল করে কর ছাড়ের সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছে।




