১৬ ডিসেম্বর চালুর লক্ষ্য শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আসছে জাপানি প্রতিষ্ঠান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালুর লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার জন্য জাপানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
সোমবার রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে আয়োজিত ‘সিভিল এভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালায় তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়েই থার্ড টার্মিনাল চালুর কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে চলতি বছরের মধ্যেই এন্টি-ড্রোন সিস্টেম কেনার পরিকল্পনা রয়েছে। এ কারণে তিনি গণমাধ্যমকর্মীদের বিমানবন্দর এলাকায় ড্রোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
বেবিচক চেয়ারম্যান আরও বলেন, নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থা চালু হলে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারকারী বিদেশি উড়োজাহাজ থেকে ফ্লাইট চার্জ বাবদ বার্ষিক রাজস্ব আয় প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পাবে।
তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল খাত অত্যন্ত কারিগরি ও জনস্বার্থসংশ্লিষ্ট হওয়ায় নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের কারিগরি জ্ঞান বাড়ানো জরুরি। সেই লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।
কর্মশালায় বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান বিমানবন্দর পরিচালনা, নিরাপত্তা, যাত্রীসেবা এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) মানদণ্ড অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।



