জাতীয়

প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘ডিজিটাল প্রবাসী কার্ড’

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, উপার্জিত অর্থের সুরক্ষা এবং দেশে আর্থিক লেনদেন সহজ করতে ‘ডিজিটাল প্রবাসী কার্ড’ চালু করা হচ্ছে। সোমবার এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশে অবস্থানরত ও অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের সেবা দিতে মন্ত্রণালয় ও জনতা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ। তাঁদের ব্যাংকিং সেবার আওতায় এনে সুযোগ-সুবিধা আরও সহজ করার লক্ষ্যেই ডিজিটাল প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবেন এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার পথও সহজ হবে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, সরকারের রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ চলছে। জনতা ব্যাংকের সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষর প্রবাসীদের কল্যাণে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সমঝোতা স্মারকে মন্ত্রণালয়ের পক্ষে সচিব মো. মোখতার আহমেদ এবং জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফ বার্তা/ এইচ

ক্যাটাগরি