প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, একটি প্রতারণা মামলায় আদালত বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। ওই রায়ের পর আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানার ভিত্তিতেই গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী তাঁর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



