কৃষকের সার নিয়ে কারসাজি করলে হাজত: নিতাই রায় চৌধুরীর হুঁশিয়ারি

কৃষকদের জন্য বরাদ্দ করা সার নিয়ে কোনো ধরনের কারসাজি, মজুতদারি বা অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
নিতাই রায় চৌধুরী বলেন, কৃষকের জন্য বরাদ্দ করা সার নিয়ে কেউ কারসাজি করলে তার ঠিকানা হবে হাজতে। কৃষকের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। নির্ধারিত মূল্যে কৃষকের কাছে প্রয়োজনীয় সার পৌঁছানো নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, সার বিতরণে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি বা ব্যবসায়ী অবৈধভাবে সার মজুত করে বা কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত লাভের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
মন্ত্রী বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে কৃষকদের প্রয়োজনীয় সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহে সরকার গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না।
শালিখার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলার কোনো কাঁচা রাস্তা থাকবে না। পর্যায়ক্রমে সব কাঁচা রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



