শিক্ষা

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

ছবি: সংগৃহীত

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৪ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবে। ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে ২৪ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক সব শিক্ষার্থীর ফরম পূরণের কাজ ২৩ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। আগে ১ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণের সময় নির্ধারিত ছিল। ফি জমার শেষ তারিখ ছিল ১৩ সেপ্টেম্বর।

এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিষ্ঠান পরিবর্তন করা শিক্ষার্থীরাও নীতিমালা অনুযায়ী অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট পাঁচটি বিষয়ে পরীক্ষা হবে। বিষয়গুলো হলো—বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ নম্বর করে, আর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ৫০ নম্বর করে পরীক্ষা নেওয়া হবে।

ক্যাটাগরি