জাতীয়

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

তৌফিক ইমরোজ খালিদী। ছবি: সংগৃহীত

লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, বয়স হয়েছিল ৫৯ বছর

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ সময় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের পর বৃহস্পতিবার রাতে তৌফিক ইমরোজ খালিদীকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিডিনিউজের চিফ রিপোর্টার সুমন মাহমুদ বলেন, স্ট্রোকের পর তৌফিক ইমরোজ খালিদীর শারীরিক অবস্থা খারাপ হয়েছিল বলে তারা জানতে পেরেছিলেন। এরপর তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করেন তিনি। সাংবাদিকতা জীবনে তিনি দ্য ডেইলি স্টার ও বিবিসিতে কাজ করেছেন।

২০০৬ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্ব নেন তৌফিক ইমরোজ খালিদী। এরপর থেকে তিনি প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তার ভূমিকা উল্লেখযোগ্য হিসেবে বিবেচিত হয়।

তার মরদেহ কবে দেশে আনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জানাজা ও দাফনের স্থান ও সময় নির্ধারণ হলে পরিবারের পক্ষ থেকে তা জানানো হবে।

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় তিনি বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারিয়েছে। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে থাকা ব্যক্তিগত স্মৃতির কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু তার জন্য অত্যন্ত বেদনাদায়ক।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

ক্যাটাগরি