জাতীয়

‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ শুরু, উদ্বোধনী বক্তব্যে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ শুরু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী এই সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল ৯টা ১৫ মিনিটে হোটেলটির গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী বক্তব্যে তিনি বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে এবারের সংলাপের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’।

‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ চলবে ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত। এতে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়েছেন।

আন্তর্জাতিক এই সংলাপে বর্তমান বিশ্বের পরিবর্তনশীল রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত বাস্তবতা নিয়ে মতবিনিময় করছেন অংশগ্রহণকারীরা।

সংলাপের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র ও সুশাসন নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া বঙ্গোপসাগরকে ঘিরে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যের সম্ভাবনা এবং এর কৌশলগত গুরুত্ব নিয়েও বিভিন্ন অধিবেশনে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশ্বের পরিবর্তিত ভূরাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক সম্ভাবনাকে কাজে লাগানোর বিভিন্ন দিকও সংলাপে গুরুত্ব পাবে।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

 

ক্যাটাগরি