জাতীয়

তিনটি ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

ছবি - সংগৃহীত

ভারতের ত্রিপুরায় দুটি এবং মিয়ানমারে একটি ভূমিকম্পের ঘটনায় দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে উঠেছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প সংঘটিত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, তিনটি ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৮ থেকে ৫ পর্যন্ত।

ইএমএসসির তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়। কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল হওয়ায় আশপাশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

মিয়ানমারের ভূমিকম্পের প্রায় এক মিনিট পর বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি ভারতের মিজোরামের লুংলেই এলাকায় আরেকটি ভূমিকম্প হয়। রাত ১২টা ১৩ মিনিটের দিকে সংঘটিত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫।

৫ মাত্রার এই ভূমিকম্পের কম্পন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। পরপর দুটি ভূমিকম্পে এসব এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়। তুলনামূলকভাবে কম মাত্রার হলেও এর কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে বলে জানা গেছে।

এক ঘণ্টার কিছু বেশি সময়ের ব্যবধানে মিয়ানমার ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে তিনটি ভূমিকম্প হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় একাধিকবার ভূকম্পন অনুভূত হয়। তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ক্যাটাগরি