এখনই বিয়ের পিঁড়িতে বসতে নারাজ, স্পষ্ট জানালেন কৌশানি

দীর্ঘ দিন ধরে রূপালী পর্দার পাশাপাশি বাস্তবেও চুটিয়ে প্রেম করছেন টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। বিশেষ দিন উদযাপন থেকে শুরু করে একসঙ্গে ছুটি কাটানো—সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিভিন্ন মুহূর্তের দৃশ্যেই স্পষ্ট সম্পর্কের গভীরতা। তবে এই সম্পর্ক দীর্ঘদিনের হলেও এখনই বিয়ের পিঁড়িতে বসতে নারাজ অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘বহুরূপী’ নিয়ে কথা বলতে গিয়ে ব্যক্তিগত জীবন ও বনির সঙ্গে বিয়ের চর্চা নিয়ে মুখ খোলেন এই অভিনেত্রী।
চলতি বছরের শেষ নাগাদ বনি-কৌশানির বিয়ের সানাই বাজতে পারে—এমন গুঞ্জন বেশ কিছু দিন ধরেই টলিপাড়ায় ঘুরে বেড়াচ্ছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে কৌশানি স্পষ্ট জানান, বিয়ে নিয়ে আপাতত কোনো তাড়াহুড়ো নেই তাঁর।
সম্পর্কের বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে কৌশানি জানান, সমাজ প্রতিটি সম্পর্কের শেষ পরিণতি হিসেবে বিয়কে দেখলেও তিনি বর্তমানে জীবনের এই পর্যায়ে বেশ সুখে আছেন। বনির সঙ্গেও তাঁর সম্পর্ক দারুণ কাটছে।
অভিনেত্রী বলেন, “আমি এখন যেমন আছি, খুব ভালো আছি। আমরা দুজনেই ভীষণ ভালো আছি। শুধু ‘বায়োলজিক্যাল ক্লক’-এর কথা মাথায় রেখে আমি বিয়ে করতে চাই না। যখন আমার মনে হবে আমি প্রস্তুত, ঠিক তখনই বিয়ের সিদ্ধান্ত নেব।”
সাক্ষাৎকারে উঠে আসে পরিবার ও বাবার প্রসঙ্গও। কৌশানি জানান, তাঁর বাবা মাঝেমধ্যে মেয়ের ভবিষ্যৎ ও বিয়ে নিয়ে কথা বলতে চান। তবে মেয়ের মিষ্টি বকুনির ভয়ে বাবাও বিষয়টি নিয়ে আর বেশি দূর এগোন না।
মেয়ের বিয়ে নিয়ে একজন বাবার স্বাভাবিক চিন্তা থাকলেও কৌশানির ইচ্ছার বিরুদ্ধে পরিবার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না। ফলে চারদিকে বিয়ের জল্পনা যতই থাকুক, কৌশানির বক্তব্যে স্পষ্ট—সময় হলে নিজের ইচ্ছেতেই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তিনি।



