২০২৭ সালের সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদন, ছুটি কতদিন

২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর সরকারি ছুটির সংখ্যা দাঁড়াবে ২২ দিন।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির এ খসড়া তালিকা অনুমোদন দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় তালিকাটি প্রণয়ন করেছে।
খসড়া তালিকা অনুযায়ী, আগামী বছর জাতীয় দিবস এবং বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।
অন্যদিকে, বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবারসহ তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়েছে।
এ ছাড়া ধর্মীয় পর্ব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদ্যাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটির প্রস্তাব রাখা হয়েছে।
সব মিলিয়ে ২০২৭ সালে সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। মোট ২৯ দিনের মধ্যে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়া সাত দিন বাদ দিলে কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন।



