রাজনীতি

এনসিপি থেকে পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এর আগে তিনি দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। দলের জোট গঠন, নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়ে মতপার্থক্যের প্রেক্ষাপটে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা শারমিন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি। আপনারা জানেন, আজ থেকে প্রায় এক বছর আগে আমি জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে একটা আলাদা অবস্থান নিয়েছিলাম।’

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে সামান্তা শারমিন বলেন, গত ১১ মাসে এনসিপির অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়েছেন তিনি। পাশাপাশি আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমে দলের নীতিগত অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, দল ভুল পথে গেলে তা থেকে ফিরিয়ে আনা নিজের রাজনৈতিক দায়িত্ব মনে করেই অভ্যন্তরীণ মতাদর্শিক সংগ্রাম চালিয়ে গেছেন।

তবে এনসিপি তার প্রতিষ্ঠাকালীন মূল্যবোধের প্রতি আর আন্তরিক থাকতে পারবে বলে মনে করেন না সামান্তা শারমিন। এ প্রসঙ্গে তিনি বলেন, কোনো একটি সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পদত্যাগ করলে বিষয়টি সহজে ব্যাখ্যা করা যেত। কিন্তু ভবিষ্যতে জামায়াতের সঙ্গে জোট ত্যাগের মতো সিদ্ধান্ত নিলেও দলটি পুরোনো রাজনৈতিক কাঠামোর বাইরে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচি তৈরি করতে পারবে কি না, সে বিষয়ে তার সংশয় রয়েছে।

তার বক্তব্যে এনসিপির জোটনীতি ও রাজনৈতিক অবস্থান নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের বিষয়টি উঠে এসেছে।

ক্যাটাগরি