শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার প্রশ্নই আসে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, নতুন পাসপোর্টের আবেদন নয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় সরকার।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন। এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার সুযোগ নেই। তিনি সত্যিই দেশে ফিরতে চাইলে সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা ভারত সরকারকে ওই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করতে হবে তাঁকে।
দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য ই-মেইলে আবেদন করেছে। পরে দিল্লির বাংলাদেশ মিশন থেকে ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্রের দাবি, আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানটির ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা প্রতিনিধিত্বের ক্ষমতাসংক্রান্ত কোনো নথি সংযুক্ত ছিল না।
এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, ওই আইনি পরামর্শক প্রতিষ্ঠানের আবেদনের আইনগত, নৈতিক ও পেশাগত ভিত্তি দুর্বল। কোনো আইনজীবী প্রতিষ্ঠানেরই জানা উচিত, তাদের মক্কেল কে এবং তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করার যথাযথ অনুমোদন রয়েছে কি না।
তিনি আরও বলেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে সরকার।
এদিকে, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। হাতে আসা একটি চিঠির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ খবর প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করেছেন শেখ হাসিনা। ভারতে অবস্থানরত শেখ হাসিনার এই পদক্ষেপকে দেশে ফেরার পরিকল্পনার একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার। তবে তাঁর পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য জানা যায়নি।



