রাজধানী

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঘটনার পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লাল-সাদা রঙের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় বাসটি থেকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

এর আগে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ছাড়া রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব স্থানের মধ্যে রয়েছে পল্লবী থানা, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, তেজগাঁও, পান্থপথ ও যাত্রাবাড়ী।

ক্যাটাগরি