হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, ঢাকায় ৬

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪১৪ জন শনাক্ত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৮ জন। এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯২ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯ জন।
মৃত্যুর পরিসংখ্যানে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বাকি দুইজন কোন বিভাগের, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯ জন।
একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১২ হাজার ৪০২ জন।
এ ছাড়া এ সময়ে দেশে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০৯ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০৫ জন।



