রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি ঠেকাতে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

রপ্তানি বাণিজ্যের আর্থিক লেনদেনে সাইবার জালিয়াতির ঝুঁকি এড়াতে রপ্তানিকারকদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যবসায়িক তথ্য ও গুরুত্বপূর্ণ নথিপত্র আদান-প্রদানে নিরাপদ ইলেকট্রনিক যোগাযোগব্যবস্থা ব্যবহারের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ (এফইপিডি-১) এ সংক্রান্ত ২২ নম্বর সার্কুলার জারি করে। এতে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে রপ্তানিকারকদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সাধারণ অনুমোদনের আওতায় সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে রপ্তানি সংক্রান্ত নথিপত্র পাঠানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নথিপত্রের তথ্য চুরি, পরিবর্তন কিংবা যোগাযোগে বিঘ্ন ঘটানোর ঝুঁকি কমাতে নিরাপদ মাধ্যম ব্যবহার করতে হবে।
এ ছাড়া ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় পরিবর্তনের কোনো অনুরোধ এলে তা কার্যকর করার আগে পূর্বনির্ধারিত যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে স্বাধীনভাবে যাচাই করতে হবে।
সন্দেহজনক লিংক ও যাচাইবিহীন অ্যাপ্লিকেশন ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি পাসওয়ার্ড, ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর (পিন) কিংবা এককালীন পাসওয়ার্ড (ওটিপি) কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, কোনো ধরনের জালিয়াতির আশঙ্কা, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন কিংবা রপ্তানি সংক্রান্ত নথিপত্রে কারসাজির ঘটনা ঘটলে দ্রুত সংশ্লিষ্ট এডি ব্যাংককে জানাতে হবে।
আন্তর্জাতিক বাণিজ্যে সাইবার জালিয়াতি প্রতিরোধে এসব নির্দেশনা যথাযথ যোগাযোগমাধ্যমে রপ্তানিকারকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এডি ব্যাংকগুলোকেও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।



