শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার আহ্বান প্রধানমন্ত্রীর

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি তাঁকে নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান। পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে চকোলেট তুলে দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়েও নিজেদের যোগ্য করে তুলতে হবে।
তিনি জানান, শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ তৈরি এবং খেলার মাঠের ব্যবস্থা করতে সরকার কাজ করছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে।
এ ছাড়া কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চায় শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে ওঠা প্রয়োজন।
সাক্ষাৎকালে শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান।



