শিক্ষা

ঢাকায় শুরু আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতারা

আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীর শেরাটন ঢাকায় এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলন দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ, নীতিনির্ধারকসহ দুই শতাধিক অতিথি অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউএনআইটিএআর) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং সিআইএফএএল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ. মেজিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএইউপির প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (ইউরাস) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আইদিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার-ইলেক্ট (২০২৭–২০৩০) ড. মো. সবুর খান।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের শিক্ষা ও দক্ষতার ওপর। বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের শিক্ষা ও যোগ্যতায় গড়ে তুলতে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে।

তিনি বলেন, এ সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্বকে একত্রিত করেছে। এর মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, জ্ঞানচর্চা এবং বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, শিক্ষার্থীদের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ক্লাস, গবেষণা, বিনিময় কর্মসূচি ও শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রকল্পের সুযোগ বাড়াতে চায় ড্যাফোডিল। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার পাশাপাশি নিজেদের গবেষণা ও উদ্ভাবন আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতার সুফল যেন শিক্ষার্থী ও অভিভাবকরা সরাসরি পান, সেটিই তাদের লক্ষ্য। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জন্যও এ আয়োজন আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে।

তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর আ সাসটেইনেবল, ইনোভেটিভ অ্যান্ড এআই-এমপাওয়ার্ড ফিউচার’। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, উদ্যোক্তা তৈরি, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ, টেকসই ক্যাম্পাস, উন্মুক্ত বিজ্ঞান, গবেষণা এবং ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার রূপান্তর নিয়ে আলোচনা হচ্ছে।

সম্মেলনের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ড্যাফোডিল প্লাজা, ধানমন্ডি; শেরাটন ঢাকা, বনানী এবং সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে।

সম্মেলনে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, যৌথ একাডেমিক কার্যক্রম, সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গবেষণাভিত্তিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

এ উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিশেষ প্রদর্শনীতে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ভাবন, গবেষণার বাস্তব প্রয়োগ, ডিজিটাল শিক্ষায় প্রবেশাধিকার এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হচ্ছে।

আগামী ২১ নভেম্বর আন্তর্জাতিক প্রতিনিধিরা ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাস পরিদর্শন করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘ঐতিহ্যের হাট’। এতে বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্য তুলে ধরা হবে।

আয়োজকদের প্রত্যাশা, আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬ বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক একাডেমিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে দেশের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের আন্তর্জাতিক জ্ঞান বিনিময় এবং গবেষণা নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

ক্যাটাগরি