দেশে স্বর্ণের দাম আরও কমল, এক বছরের মধ্যে সর্বনিম্ন সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ১৮২ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। এর ফলে এক বছরের মধ্যে প্রথমবারের মতো ভালো মানের সোনার দাম দুই লাখ টাকার নিচে নামল।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, শনিবার রাত সাড়ে ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। আগের দাম ছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি দিতে হবে। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো গয়না বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এ ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন নির্ধারিত দাম ও নিয়ম কার্যকর থাকবে।



