১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর আগারগাঁওয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি অংশ নেন।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলায় দেশের ৩৮০ জন উদ্যোক্তা তাঁদের উৎপাদিত বিভিন্ন ধরনের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য প্রদর্শন করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধিতে জাতীয় এসএমই পণ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



