ব্যাংক পরিচালনা পর্ষদে মন্ত্রী-এমপিদের থাকা নিষিদ্ধের প্রস্তাব

ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব কমাতে ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। এ বিধান যুক্ত করে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের চূড়ান্ত খসড়া তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
প্রস্তাবিত সংশোধনীতে ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমানো, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থাকলেও তা কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে।
ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক প্রভাব ও পরিবারতান্ত্রিক নিয়ন্ত্রণ কমানো এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই এসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের খসড়াটি চূড়ান্ত করেছে। খসড়াটি শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।



