৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন দিল সরকার

২০২৭ সালের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব তেল আমদানিতে ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি তেল আমদানির চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব অনুমোদিত হয়।
অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অকটেন আমদানি করা হবে।
এর মধ্যে তিনটি প্যাকেজের আওতায় জ্বালানি তেল সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড। অন্যদিকে, অকটেন সরবরাহের দায়িত্ব পেয়েছে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
প্যাকেজ অনুযায়ী, ৬০ হাজার টন ডিজেল আমদানিতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা এবং ৯০ হাজার টন ডিজেল আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা।
এ ছাড়া ৩ লাখ ৫০ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। আর ১ লাখ ২৫ হাজার টন অকটেন আমদানিতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা।
জানা গেছে, দেশে আমদানির মোট জ্বালানি তেলের ৫০ শতাংশ সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হয়।
২০২৭ সালে দুই পদ্ধতিতে মোট ৬৬ লাখ ৭০ হাজার টন জ্বালানি তেল আমদানির পরিকল্পনা করেছে বিপিসি। এর মধ্যে জিটুজি পদ্ধতিতে ৩৩ লাখ ৩৫ হাজার টন এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সমপরিমাণ তেল আমদানি করা হবে।
আমদানির ব্যয় বিপিসির নিজস্ব বাজেট, জ্বালানি তেল বিক্রির আয় এবং অন্যান্য উৎস থেকে ঋণের মাধ্যমে সংস্থান করা হবে। তবে প্রযোজ্য শুল্ক, ভ্যাট ও অগ্রিম আয়কর অনুমোদিত ক্রয়মূল্যের বাইরে আইন অনুযায়ী পরিশোধ করতে হবে।



