ব্যাংক বীমা

পুলিশ সদস্যদের জন্য রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনায় ঋণ দেবে কমিউনিটি ব্যাংক

সংগৃহীত ছবি
বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল কেনার অর্থায়ন সুবিধা সম্প্রসারণ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে ইফাদ মোটরসের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ব্যাংকটি। নতুন এ অংশীদারত্বের ফলে ব্যাংকের বিদ্যমান মোটরসাইকেল অর্থায়ন কর্মসূচিতে যুক্ত হয়েছে বিশ্বখ্যাত ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড।

এ সুবিধার আওতায় যোগ্য পুলিশ সদস্যরা সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের সুদের হার ৯ শতাংশ এবং পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর। ব্যাংকের প্রচলিত ও ইসলামী-উভয় ধরনের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এ অর্থায়ন সুবিধা পাওয়া যাবে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সদস্যদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি দায়িত্ব পালন ও পারিবারিক প্রয়োজন মেটাতে তাদের আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। মোটরসাইকেল কেনার ব্যয় দীর্ঘমেয়াদে পরিশোধের সুযোগ থাকায় পুলিশ সদস্যদের জন্য এটি বাড়তি সুবিধা তৈরি করবে বলে জানিয়েছে ব্যাংকটি।

প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ পুলিশের সদস্যদের আর্থিক প্রয়োজন ও জীবনযাত্রার বিষয়টি গুরুত্ব দিয়ে বিভিন্ন ব্যাংকিং সেবা ও সুবিধা চালু করে আসছে কমিউনিটি ব্যাংক। নতুন এ অংশীদারত্বের মাধ্যমে সেই কার্যক্রম আরও সম্প্রসারিত হলো।

ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহক ও তাদের পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করার পাশাপাশি দেশজুড়ে জননিরাপত্তা ও জনসেবায় নিয়োজিত পুলিশ সদস্যদের পাশে থাকতে চায় কমিউনিটি ব্যাংক।

ক্যাটাগরি