বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেন।
প্রতিনিধিদলটি পার্লামেন্ট হাউসে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্য এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে বাংলাদেশের স্পিকার পাকিস্তানের পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের একটি চারা রোপণ করেন। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বাংলাদেশ ও পাকিস্তানের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদ হলরুম পরিদর্শন করেন। এ সময় সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে হলরুমের ঐতিহাসিক গুরুত্ব এবং পাকিস্তানের সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানান।



