অর্থনীতি

প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তা পাচ্ছেন ১০ লাখ টাকা ঋণ, প্রকাশিত তালিকায় ৬৪০ জন

ছবি: সংগৃহীত

 

তরুণ উদ্যোক্তাদের নতুন ব্যবসা শুরু ও সম্প্রসারণে উৎসাহ দিতে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম ধাপে ৬৪০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের আটটি জেলার ৬৪টি উপজেলা থেকে ১০ জন করে এসব উদ্যোক্তাকে বাছাই করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করা হয়। তালিকাভুক্ত জেলাগুলো হলো-ভোলা, ফেনী, মানিকগঞ্জ, ঝিনাইদহ, নওগাঁ, হবিগঞ্জ, নেত্রকোনা ও রংপুর।

কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা জামানত ছাড়াই সহজ শর্তে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাবেন। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে আরও সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান বা প্রণোদনা পাওয়ার সুযোগ রয়েছে। ফলে শর্ত পূরণ সাপেক্ষে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।

তবে এই অর্থ নির্ধারিত ব্যবসায়িক কাজে ব্যবহার করতে হবে এবং ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধ করতে হবে। কোনো উদ্যোক্তা নিয়ম ভঙ্গ করলে বা কিস্তি পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থও ঋণ হিসেবে বিবেচিত হবে। পরে তা প্রচলিত নিয়মে আদায় করা হবে।

কর্মসূচিতে আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি থাকতে হবে বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা।

তবে আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ সুবিধার আওতায় আসবেন না।

কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য ও পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল, নবায়নযোগ্য জ্বালানি এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক ব্যবসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মধ্যে ই-কমার্স, অ্যাগ্রিটেক ও হেলথটেক খাতও রয়েছে।

প্রথম ধাপে নির্বাচিত আট জেলার বাইরে দেশের বাকি ৫৬ জেলার তরুণদের জন্যও আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা বাংলাদেশ ব্যাংক, এসএমই পোর্টাল অথবা যেকোনো তফসিলি ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ উপজেলার যেকোনো ব্যাংক শাখায় আবেদন জমা দেওয়া যাবে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর। সংশ্লিষ্টদের মতে, সহজ শর্তে তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হলে গ্রামীণ অর্থনীতিতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন ব্যবসা গড়ে ওঠার পথও সুগম হবে।

ক্যাটাগরি