আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল। তাঁর ঘোষণায় স্পষ্ট হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচটিই হবে মুশফিকের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ।
মুশফিকের অবসরের বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসরে যাচ্ছে। মুশফিক বেশ কয়েক দিন আগে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানায়। এরপর আমি তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি।’
তামিম জানান, মুশফিকের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের বিদায়টা আনুষ্ঠানিক ও সম্মানজনকভাবে হোক, সেটিই চেয়েছিলেন তিনি। এ জন্য মুশফিককে সংবাদ সম্মেলন করে নিজের মুখে অবসরের ঘোষণা দেওয়ার পরামর্শও দিয়েছিলেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে অবসরের ঘোষণা না দেওয়ার অনুরোধ করেছিলেন।
তবে মুশফিকের অনুরোধেই শেষ পর্যন্ত বিসিবি সভাপতিকে তাঁর অবসরের খবর জানাতে হচ্ছে।
২০০৫ সালে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। সেই ইংল্যান্ডের বিপক্ষেই দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে যাচ্ছেন তিনি। ক্রিকেটের এই দীর্ঘ পথচলায় ২১ বছর ধরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
এ পর্যন্ত ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিক। বাংলাদেশের হয়ে শততম টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার তিনি। টেস্ট ক্রিকেটে দেশের পক্ষে সর্বোচ্চ ৭ হাজার ৬২ রানও তাঁর দখলে। ব্যাট হাতে ধারাবাহিকতা, উইকেটের পেছনে দক্ষতা এবং দলের প্রয়োজনে দায়িত্ব নেওয়ার সামর্থ্য তাঁকে বাংলাদেশের ক্রিকেটে আলাদা অবস্থান তৈরি করে দিয়েছে।
অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মুশফিক। তাঁর নেতৃত্বে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে বেশ কিছু স্মরণীয় সাফল্য পেয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে নানা উত্থান-পতনের মধ্যেও দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি।
মুশফিকের বিদায়ী টেস্ট ঘিরে তাই বাড়তি আবেগ তৈরি হওয়া স্বাভাবিক। যে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে তাঁর আন্তর্জাতিক টেস্ট যাত্রা শুরু হয়েছিল, সেই দলের বিপক্ষেই মিরপুরে শেষবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি।
বিদায়ী ম্যাচে ব্যাট হাতে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগও থাকছে তাঁর সামনে। তবে পরিসংখ্যানের বাইরেও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। কারণ, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে দেশের ক্রিকেটের নানা ঐতিহাসিক মুহূর্তের সঙ্গী ছিলেন মুশফিক।
এবার সেই পথচলায় শেষবারের মতো লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষা। তাঁর বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেট হারাতে যাচ্ছে অভিজ্ঞতা, ধারাবাহিকতা ও নির্ভরতার এক পরিচিত নামকে।



