কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিসিএস কৃষি এসোসিয়েশনের তিন দিনের কর্মসূচি ঘোষণা

শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর সম্প্রতি বর্বরোচিত হামলার প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি এসোসিয়েশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। দাবি পূরণ না হলে সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্সে রুমে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশন এ সংবাদ সম্মেলন আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিসিএস কৃষি এসোসিয়েশনের আহ্বায়ক ড: মোঃ শাহিনুল ইসলাম,হর্টিকালচার উইংয়ের উপপরিচালক নূরে আলম সিদ্দিকী, প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক মোঃ মুরাদুল হাসান। এসময় এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কৃষি বিভাগ দেশের একটা গুরুত্বপূর্ণ বিভাগ। আর এ কৃষি সেক্টরের কর্মকর্তারা খাদ্য নিরাপত্তা, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করছে। কিন্তু গত ৫ নভেম্বর বিসিএস কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর এক বর্বরোচিত হামলা হয়। যা কেবল একজন কর্মকর্তার উপর আঘাত নয়- এটি মাঠপর্যায়ের সকল কর্মকর্তার নিরাপত্তা ও মর্যাদার উপর হুমকি।
তাঁরা আরও উল্লেখ করেন, শাহরিয়ার মোরসালিন মেহেদী দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সাথে কৃষকদের উন্নয়ন, প্রযুক্তি সম্প্রসারণ এবং সরকারের কৃষি বান্ধব কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার উপর এ ধরনের ন্যাক্কারজনক আক্রমণ আমাদের সবাইকে মর্মাহত করেছে। বিসিএস কৃষি এসোসিয়েশনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে ।
তাঁরা আরও বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং মাঠপর্যায়ের সকল কৃষি কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া ভবিষ্যৎ এধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বিসিএস কৃষি এসোসিয়েশনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
এর মধ্যে রয়েছে-আগামী ১১ নভেম্বর কলমবিরত, ১২ নভেম্বর অবস্থান কর্মসূচি, ১৩ নভেম্বর দেশের সকল কৃষি অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না এর কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন।



